প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ব্যয়ের একটি বড় অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে। প্রতিরক্ষা ব্যয়, বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতির ওপর বাড়তে থাকা সুদ পরিশোধের চাপের কারণে সরকারের ওপর এই বিপুল আর্থিক দায় তৈরি হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মাত্র পাঁচ মাস আগে গত মার্চ মাসে দেশটির ঋণের পরিমাণ ৩৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। সেই রেকর্ড ভেঙে ঋণের পরিমাণ এখন ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেল, যা পূর্বাভাসের তুলনায় অনেক দ্রুত বেড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় বাতিল হওয়া বিভিন্ন শুল্ক থেকে রাজস্ব আয় কমে যাওয়া ঋণের দ্রুত বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এসব শুল্ক থেকে প্রত্যাশিত কয়েক বিলিয়ন ডলার রাজস্ব না আসায় সরকারের বিভিন্ন ব্যয় মেটাতে অর্থ মন্ত্রণালয়কে আরও দ্রুত ঋণ নিতে হচ্ছে। এছাড়া ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিচালনার জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হচ্ছে, যা সরকারের অন্যান্য ব্যয় সামলানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে জ্বালানি ও খাদ্যের দাম কমানোর মতো লক্ষ্য পূরণের চাপও সরকারের ওপর রয়েছে।

এপি’র তথ্য অনুযায়ী, গত এক দশকেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ দ্বিগুণের বেশি হয়েছে। এই সময়সীমায় ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন—উভয়ই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত ২০ বছরেরও কম সময়ে দেশটির সরকারি ঋণ চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা এখন মার্কিন অর্থনীতির ওপর বড় ধরনের চাপ হিসেবে দেখা দিচ্ছে।

শেয়ার করুন