২১ আগস্ট বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ, জানালেন চিফ হুইপ

প্রকাশ:

আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন এক মাহেন্দ্রক্ষণ ও যাত্রার সূচনা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এরপর নির্বাচন কমিশন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সেই তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট প্রদান করবেন।

শেয়ার করুন