যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৫৬.৫৫ ডলারে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছিল।
প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরে হিসাব করলে প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়ায় প্রায় ৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। এতে প্রতি গ্রামের দাম প্রায় ১৭ হাজার ১০০ টাকা এবং প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের বর্তমান দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ২ লাখ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা স্বর্ণের দামের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। আজ বুধবার ফেডের ফেডারেল ওপেন মার্কেট কমিটির জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের কথা রয়েছে, যা থেকে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আলোচনার ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণ ধরে রাখার সুযোগ-খরচ কমে যায়, ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ ও দাম বৃদ্ধি পায়।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এফএক্সটিএমের গবেষণা বিভাগের প্রধান লুকমান ওতুনুগার মতে, স্বর্ণের দাম ৪ হাজার ৩৯০ ডলারের ওপরে স্থায়ীভাবে অবস্থান করলে তা ৪ হাজার ৫০৫ ডলারের দিকে যেতে পারে। এদিকে স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং হরমুজ প্রণালি খোলা রয়েছে। তবে ইরান এর বিপরীত দাবি করে বলছে, গুরুত্বপূর্ণ এই জলপথটি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনার ফলে তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে স্বর্ণ ও তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।





