গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় বৃটিশ নবদম্পতি ও তাদের পাইলট প্রাণ হারিয়েছেন। গ্রিক পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন আলেকজান্ডার ক্রোমি ও মেরি এবার্ট। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর হানিমুন কাটাতে গ্রিসে গিয়েছিলেন।
জানা গেছে, রাজধানী এথেন্সের নিকটবর্তী মার্কোপুলো গ্রাম থেকে একটি ব্যক্তিগত ‘বেল ২০৬’ হেলিকপ্টারে চড়ে ওই দম্পতি সিফনোস দ্বীপের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু অবতরণের নির্ধারিত সময়ের ঠিক আগে, স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে হেলিপ্যাড থেকে মাত্র কয়েক মিটার দূরে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নবদম্পতি এবং তাদের গ্রিক বংশোদ্ভূত পাইলট নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের ঠিক আগমুহূর্তে হেলিকপ্টারটির ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ আসছিল। এরপরই বিকট শব্দে এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সিফনোসের ডেপুটি মেয়র মানোলিস ফাউন্দুলাকিস জানিয়েছেন, দুর্ঘটনার পর উড়োজাহাজটির আর প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করেন।
নিহত আলেকজান্ডার ক্রোমি বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ব্ল্যাকস্টোন’-এ এবং মেরি এবার্ট পরামর্শক প্রতিষ্ঠান ‘বেইন অ্যান্ড কোম্পানি’-তে কর্মরত ছিলেন। তাদের অকাল প্রয়াণে উভয় প্রতিষ্ঠানই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এদিকে গ্রিসের এভিয়েশন সেফটি অথরিটি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের সহায়তায় গ্রিক কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।





