মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে তিনি প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি সেনা সদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।
যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের সঠিক ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক এ সময় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করে দীর্ঘ সময় মাঠপর্যায়ে অতিবাহিত করেন।
সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।




