ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই মর্যাদাপূর্ণ উপাধি দেন। ১৯৫০ সাল থেকে চলে আসা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, নেপাল ও ভারত পরস্পরের সেনাপ্রধানকে এই সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে থাকে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল ধীরজ শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে তারা কথা বলেন।
প্রেসিডেন্টের সচিবালয়ের তথ্য অনুযায়ী, সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সফরের অংশ হিসেবে জেনারেল শেঠ সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। একই দিনে তিনি সেনা সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, জেনারেল শেঠের এই সফর দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের গভীরতাকে পুনর্ব্যক্ত করছে। নেপাল সেনাবাহিনী আশা প্রকাশ করেছে যে, এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে।





