লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশির দেশে ফেরা

প্রকাশ:

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি জীবন কাটানোর পর ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা এই ১৭৪ জনের মধ্যে ১৫ জন অসুস্থ ব্যক্তি, ৩ জন নারী এবং একটি শিশু রয়েছে।

জানা গেছে, উন্নত জীবনের প্রত্যাশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় তারা উদ্ধার বা আটক হয়েছিলেন। এরপর থেকে তারা লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে আটক ছিলেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখছে। স্থানীয় প্রশাসনের অনুমোদন ও আইওএমের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই ও সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, যাতে পর্যায়ক্রমে অন্যদেরও ফিরিয়ে আনা যায়।

চলতি আগস্ট মাসে এই ১৭৪ জনসহ মোট ৫১৪ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হলো। এর আগে ৭ আগস্ট ৩৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস দালাল ও মানব পাচারকারীদের প্রলোভন এড়িয়ে সরকারি অনুমোদিত ও আইনসম্মত নিরাপদ অভিবাসন পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন