মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান এক অনাকাঙ্ক্ষিত পারিবারিক ঘটনার মুখোমুখি হয়েছেন। মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তার দুই স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে, হোসাম হাসান শেষ পর্যন্ত তা সামাল দিতে ব্যর্থ হন এবং তীব্র উত্তেজনার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় একটি হোটেলের ভেতরের ক্যাফেতে। দুই স্ত্রীর মধ্যকার এই শারীরিক সংঘর্ষের সময় ক্যাফেতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পুলিশকে খবর দেন। সংঘর্ষে উভয় পক্ষই আহত হন এবং তাদের শরীরে কালশিটে দাগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মিশরের ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এই ঘটনার পর হোসাম হাসান তার প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাউইকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন। তার দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে হোয়াইদা আল-গারবাউইয়ের সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটলো, যাদের আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে। হোসাম ও হোয়াইদার সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ; ২০২২ সালে তাদের মধ্যে প্রায় ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল, তবে পরে তারা আবার সংসার শুরু করেন।
উল্লেখ্য যে, হোসাম হাসান ২০১৫ সালে দিনা মোস্তাফাকে বিয়ে করেন, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাদের প্রথম পরিচয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমান ঘটনার পর বিষয়টি স্বাভাবিক করার লক্ষ্যে হোসাম আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।





