নবম জাতীয় পে স্কেলের বিস্তারিত তথ্য প্রথমবারের মতো সরকারি নথিতে

প্রকাশ:

প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এই পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি, পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ই-বুকের তথ্য অনুযায়ী, নবম জাতীয় বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হিসেবে এসেছে। এতে ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এই পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সচিব কমিটির সব সদস্য ইতিমধ্যে এই চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

বাজেট বরাদ্দের বিষয়ে ই-বুকে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে, সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। তবে তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে এবং সরকার শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পে-কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে এ বিষয়ে পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন