পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা

প্রকাশ:

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেসের মুসলিম নেতা আনিসুর রহমান ও তার ২৪ বছর বয়সী ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতের এই নৃশংস ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান তার ছেলে আবু সুফিয়ানকে নিয়ে বেথুয়াডহরি থেকে গাড়িতে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে নাগাদি রেলগেটের কাছে পৌঁছালে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রথমে গাড়িতে গুলি করার পর আনিসুর রহমান ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। হামলাকারীদের পরিচয় বা হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ, তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত ৫০ বছর বয়সী আনিসুর রহমান বেঙ্গল কংগ্রেস কমিটির সদস্য এবং নদীয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নাকাশিপাড়া এলাকায় তিনি একজন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, স্বাধীনতা দিবসের সময় এমন হত্যাকাণ্ড মানুষের নিরাপত্তা এবং স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এদিকে, হত্যাকাণ্ডের জেরে নদীয়া এলাকায় বিরাজমান উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন