পাঠ্যবই সময়মতো বিতরণে পেপার মিল ও মুদ্রণ প্রতিষ্ঠানের লিখিত চুক্তি

প্রকাশ:

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে দেশের স্বনামধন্য পেপার মিলগুলোর সঙ্গে মুদ্রণ প্রতিষ্ঠান বা প্রিন্টারদের আনুষ্ঠানিক ও লিখিত চুক্তি করা বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার বিকালে কাগজ মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর বই ছাপানোর শেষ মুহূর্তে কাগজ সংকট এবং অতিরিক্ত দামের যে সমস্যা তৈরি হয়, তার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রায় ৩০ কোটি বই ছাপানোর পরিকল্পনা করেছে। এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় কাগজ সরবরাহে কোনো ঘাটতি হবে না এবং পেপার মিল মালিকরা নির্দিষ্ট বাজারমূল্য ও নির্ধারিত জিএসএম অনুযায়ী কাগজ সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন।

অতীতে প্রেস মালিক ও পেপার মিল মালিকদের মধ্যে সমন্বয়হীনতার কারণেই কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হতো বলে মন্ত্রী উল্লেখ করেন। নতুন এই চুক্তিতে কোন মিল থেকে কত মেট্রিক টন এবং কী মানের কাগজ নেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যেই বই বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেপার মিল মালিকরা সরকার ও মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। রাষ্ট্রীয় এই কাজে কেউ গাফিলতি বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিষয়টির চূড়ান্ত সমন্বয়ের জন্য শীঘ্রই প্রেস মালিকদের সঙ্গেও পৃথক বৈঠক করা হবে। এছাড়া, বাজারে কাগজের দাম ও সরবরাহ পরিস্থিতি যাচাইয়ের জন্য সাংবাদিকদের সরেজমিনে পেপার মিল পরিদর্শনের আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত পেপার মিল মালিকদের প্রতিনিধিরা জানিয়েছেন, পাঠ্যবইয়ের কাগজের স্পেসিফিকেশন নির্ধারণে এবার তাদের মতামত গ্রহণ করা হয়েছে। তারা ন্যায্য মূল্যে সর্বোচ্চ মানের কাগজ সরবরাহ এবং মানসম্মত বই তৈরিতে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকালে কাগজ মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

শেয়ার করুন