একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিচ্ছে ডিএসসিসি

প্রকাশ:

ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নত করতে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এই ঘোষণা দেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতি এবং ট্রেড লাইসেন্স সেবার মানোন্নয়ন নিয়ে ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এই সভার আয়োজন করে।

প্রশাসক মো. আব্দুস সালাম জানান, ট্রেড লাইসেন্স সেবাকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে ইতোমধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ট্রেড লাইসেন্স জালিয়াতির মাধ্যমে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে, যা সিটি করপোরেশনের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এই জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে পাঁচ বছরের জন্য একবারে ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়ে তিনি বলেন, এটি করা সম্ভব এবং কয়েক দিনের মধ্যেই ব্যবসায়ীদের এই সুযোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া নাগরিকদের সুবিধার্থে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের পাশাপাশি লাইসেন্স নবায়ন করার ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সাইনবোর্ডের কর বৃদ্ধির বিষয়ে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট করেন যে, কর বাড়ানো হচ্ছে না। তবে প্রকৃত মাপ অনুযায়ী সাইনবোর্ডের কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব বাড়বে বলে তিনি মত দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের ভিত্তিতে সব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এটি জবরদস্তির বিষয় নয় বলে মন্তব্য করেন।

শেয়ার করুন