ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল

প্রকাশ:

গত মাসের শেষদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়ে পড়েছেন আরও অন্তত ১৭ হাজার ৮৫৪ জন।

গত ২৪ জুন ভেনেজুয়েলার কারাকাস, লা গুয়াইরা এবং এর পার্শ্ববর্তী এলাকায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজের দেওয়া তথ্যমতে, এই ঘটনায় আনুমানিক ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরার প্রায় ৮০টি আশ্রয়কেন্দ্রে ১২ হাজার ৮০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

ভূমিকম্পের পর দেশটিতে এখন নতুন করে স্বাস্থ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হাজার হাজার বাস্তুচ্যুত নাগরিক বিশুদ্ধ পানির সুবিধা ছাড়া জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে অথবা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকেই আঘাতজনিত ক্ষত ও সংক্রামক রোগে ভুগছেন, যা মোকাবিলা করতে গিয়ে দেশটির স্বাস্থ্যব্যবস্থা হিমশিম খাচ্ছে।

কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিয়ো কোভা বলেন, দুর্যোগকবলিত পরিবেশে দীর্ঘ সময় অবস্থানের ফলে মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ব্যাপক ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই একটি জটিল মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং সংক্রমণের ঝুঁকির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এছাড়া লা গুয়াইরা অঞ্চলের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন