গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে এবং পানির দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। এই সভায় মূলত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে লেকের বর্জ্য অপসারণ ও পানি দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়া লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়টি সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়। লেক ও এর সাথে যুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং পানির প্রবাহ সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, কড়াইল বস্তির বর্জ্য যেন সরাসরি লেকের পানিতে না মেশে, তা নিশ্চিত করতে করণীয় কর্মপরিকল্পনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন সচিব ও কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

শেয়ার করুন