কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রী সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তার লিখিত বার্তাটি পাঠ করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
সম্মেলনে ধর্মমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বশেষ নবী এবং তার পর কিয়ামত পর্যন্ত কোনো নবীর আগমন ঘটবে না। তিনি বলেন, এটি ইসলামের অন্যতম মৌলিক আকিদা এবং প্রতিটি মুমিন-মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি। তিনি উলামায়ে কেরামের উত্থাপিত দাবিগুলোর সঙ্গে পূর্ণ একমত পোষণ করেন।
ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইসলামি মূল্যবোধসম্পন্ন এবং উলামায়ে কেরামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী তারেক রহমান উলামায়ে কেরামের প্রতি যথেষ্ট আন্তরিক উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার এই ঈমানি দাবিগুলোকে বিশেষ বিবেচনায় নেবে। ব্যক্তিগত ও মন্ত্রণালয়ের অবস্থান থেকে তিনি এই দাবি বাস্তবায়নে কাজ করে যাবেন বলে জানান।
উল্লেখ্য, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত আমির মহিব্বুল্লাহ বাবুনগরী। মন্ত্রী তার বার্তায় এই ঐতিহাসিক সম্মেলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানান এবং উলামায়ে কেরামের কাছে নিজের সুস্থতার জন্য দোয়ার অনুরোধ করেন।





