থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। শারীরিক অসুস্থতার এই কঠিন সময়েও ভক্তদের জন্য জোড়া সুখবর নিয়ে হাজির হয়েছেন এই অভিনেতা।
খায়রুল বাসার জানিয়েছেন, তার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি এরই মধ্যে ইউটিউবে ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
সাফল্যের খবরের পাশাপাশি তিনি তার নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করেছেন। নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে। এই নাটকে আদিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। তার মতে, পারিবারিক ঘরানার গল্পের এই নাটকে দর্শক একদিকে যেমন পরিচিত জীবনের নানা ছায়া খুঁজে পাবেন, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন ও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটি দর্শকের মনে দাগ কাটবে।
এদিকে, সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।





