ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

প্রকাশ:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ‘কসৌটি জিন্দেগি কি’খ্যাত এই অভিনেত্রীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।

গত কয়েকদিন ধরেই শ্বেতা তিওয়ারি ব্যক্তিগত জীবন এবং সাবেক স্বামী রাজা চৌধুরীর মন্তব্যের জেরে বারবার আলোচনায় উঠে এসেছেন। রাজা চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, তাদের দাম্পত্য জীবনে থাকাকালীন শ্বেতার একাধিক সম্পর্ক ছিল, এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গেও শ্বেতা সম্পর্কে ছিলেন বলে রাজা অভিযোগ করেন। রাজা দাবি করেছেন যে, এতদিন তিনি এসব বিষয়ে নীরব থাকলেও তাকে বারবার নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে শুরু হয়েছে ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। করণ জোহরের সঞ্চালনায় এই রিয়্যালিটি শোর ২১ জন প্রতিযোগীর মধ্যে অন্যতম শ্বেতা তিওয়ারি। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই তার উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। শো-এর একটি প্রচারমূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেছেন যে, তিনি অনায়াসেই তার স্বামীর প্রতারণা ধরে ফেলেছিলেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন