অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী মন্তব্য করেন, উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতি একটি অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ‘‘সর্বশক্তিমান স্রষ্টা কেবল কঠোর বিচারক নন, তিনি তাঁর সৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন—এই কাওয়ালীর মূল সুরের ভেতরে সেই পরম সত্যই লুকিয়ে থাকে।’’
জাতীয় প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জহির উদ্দিন স্বপন জানান, প্রেস ক্লাব কর্তৃপক্ষ শিগগিরই বাউল সংগীত সন্ধ্যারও আয়োজন করতে যাচ্ছে। তিনি আরও বলেন, কাওয়ালী ও বাউল সংগীতের এই সম্মিলনের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের বর্তমান নেতৃত্ব আমাদের দেশের আসল জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করছে। সরকারের পক্ষ থেকে তিনি এ ধরনের অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে যতদিন আছি, প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে অত্যন্ত ঘনিষ্ঠ। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে আমরা এক হয়ে কাজ করে যাব।’’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।





