প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের মধ্যকার আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে। তবে সরকার সব দেশেই সফরের বিষয়ে ইতিবাচক রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ভারত ও জাপানসহ অন্যান্য দেশে সফর অনুষ্ঠিত হবে।
ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বা দ্বিপক্ষীয় সফরের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এখনো পর্যাপ্ত সময় হাতে আছে। তিনি বলেন, ব্রিকস সম্মেলন এখনো অনেক দূরে এবং এক মাসে অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কার্যক্রম ও সাংবিধানিক বিষয় নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
জাপান সফরের তারিখ ও সময় এখনো নির্ধারিত হয়নি জানিয়ে শামা ওবায়েদ বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে এটি নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনা হলে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের সুযোগ তৈরি হয়। তিনি এই সুযোগের যথাযথ ব্যবহারের জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ঢাকা আগেই তার অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, ভারতের মাটিতে বসে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এবং এটিকে ইতিবাচকভাবে দেখে না। শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, জুলাই মাসের ঘটনা এখনো মানুষের মনে জীবন্ত এবং রক্তের দাগ শুকায়নি, তাই জনগণের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সব দেশে সফরের বিষয়েই সরকার ইতিবাচক। তবে, এটি প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের মধ্যকার আলোচনা কত দূর এগোয়, তার ওপর নির্ভর করবে।’





