২০২৬-২৭ ফুটবল মৌসুমকে সামনে রেখে ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মৌসুমে অংশ নেওয়া দলগুলো এখন আগামী ১৭ আগস্ট পর্যন্ত লাইসেন্সিংয়ের শর্তগুলো পূরণের সুযোগ পাবে। এর আগে এই সময়সীমা ছিল ১১ আগস্ট পর্যন্ত।
লাইসেন্সিংয়ের পাশাপাশি খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও বাড়ানো হয়েছে। এখন ক্লাবগুলো আগামী ১৯ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। আগে এই সময়সীমা ছিল ১৩ আগস্ট পর্যন্ত।
বাফুফের এই সময়সীমা বাড়ানোর ফলে গত আসরের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার জন্য বাড়তি সময় পেল। বাফুফে নির্ধারিত নতুন এই সময়ের মধ্যে ক্লাবগুলো ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তাদের নতুন মৌসুমে খেলার দুয়ার খুলে যাবে। বর্তমানে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দলবদলের বিষয়ে মোট ১৪টি অভিযোগের ভিত্তিতে ফিফার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অন্যদিকে, আবাহনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাত্র একটি। এছাড়া ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবও বর্তমানে ফিফা নিষেধাজ্ঞার কবলে রয়েছে।





