দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ সদ্ব্যবহারের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশ:

দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে আলোচনা ও দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের উচিত হবে এই সুযোগের সদ্ব্যবহার করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো সময় যখন দুই দেশের সরকারপ্রধান কথা বলেন বা দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হওয়ার সুযোগ থাকে। ভারত যেন সেই সুযোগের সদ্ব্যবহার করে, সেটিই প্রত্যাশা করেন তিনি।

এ সময় জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সংবেদনশীল হওয়া প্রয়োজন। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, দুই দেশের জন্য সুবিধাজনক সময়েই এই সফর নির্ধারিত হবে। বর্তমানে প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এবং কোনো সফরই এখনো চূড়ান্ত হয়নি, যা দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

শেয়ার করুন