ঢাকায় বাড়ছে লোডশেডিং, মধ্যরাতে বিদ্যুৎহীনতায় ভুগছেন নগরবাসী

প্রকাশ:

রাজধানীর বাইরে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের পর এবার ঢাকার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের প্রকোপ বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন নগরবাসী। কোথাও ২০ মিনিট, আবার কোথাও এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা লোডশেডিং নিয়ে তাদের ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেছেন। কেউ কেউ আক্ষেপ করে লিখেছেন, মধ্যরাতে বিদ্যুৎ চলে গেলে এই তীব্র গরমে ঘুমানোর উপায় থাকে না। দীর্ঘদিন পর রাজধানীতে লোডশেডিংয়ের এমন অভিজ্ঞতায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের জানানো হয়, বিদ্যুৎ আসতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে। রাজধানীর আরও কয়েকটি এলাকা থেকেও একই সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রামপুরার বাসিন্দা রাসেল জানান, রাতে বিদ্যুৎ থাকলেও দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হয়েছে তাকে। তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। তীব্র গরমে বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয়েছে এবং তাদের নিয়ে খুব কষ্টে সময় পার করতে হয়েছে।

শেয়ার করুন