ইয়েমেনে মার্কিন হামলায় এক বছরে ১৫৩ জনের মৃত্যু

প্রকাশ:

২০২৫ সালে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর চালানো হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পেন্টাগনের সাম্প্রতিক এক পর্যালোচনায় এই হতাহতের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব হামলায় আরও ২৪৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসে ইয়েমেনের রাজধানী সানা এবং হুথি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে তিনটি আলাদা হামলা চালানো হয়েছিল। এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছিলেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি ছিল, হুথিদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের উৎস বন্ধ করার লক্ষ্যেই তারা এই অভিযান চালিয়েছিল।

পেন্টাগনের এই পর্যালোচনায় গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট চিত্র এবং উন্মুক্ত সূত্রের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণের ভিত্তিতে পেন্টাগন জানিয়েছে যে, ওই তিন হামলায় ‘সম্ভবত বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন’।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। আগের বছর মার্কিন সামরিক অভিযানে মাত্র ২ জন বেসামরিক নাগরিক নিহত ও ২ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল পেন্টাগন। এদিকে, বেসামরিক হতাহতের অভিযোগে আরও ১৫টি ঘটনা বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পর্যালোচনাধীন রয়েছে, যার ফলে ভবিষ্যতে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেন্টাগনের এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বেসামরিক প্রাণহানি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন