২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা উপত্যকার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস

প্রকাশ:

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার শাসন কাজে নিয়োজিত নিজেদের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার (৬ জুলাই) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল সংগঠনটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হামাসের এই সিদ্ধান্তের ফলে উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই গাজা শাসন করে আসছিল হামাস। তবে গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গোষ্ঠীটি দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে আসছিল। যদিও তাদের নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

হামাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে এই কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, যিনি গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে হামাস ফিলিস্তিনের অন্যান্য উপদলগুলোকে তাদের এই সিদ্ধান্তের কথা অবহিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য উপদলগুলো হামাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এটিকে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি আন্তরিক ও বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

এই কমিটি বিলুপ্ত হওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব নেওয়ার সুযোগ পাবে। হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার দিনের পরবর্তী সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

শেয়ার করুন