তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিয়মিত প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কেন বিধ্বস্ত হলো তার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত করা হবে।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া উড়ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।





