গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে সি-শিফটের অভিযানে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এর অংশ হিসেবে দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের মদ পাওয়া যায়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ।
বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





