জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনরোষ বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিসে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে।
এই পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও দাপ্তরিক কার্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)। বুধবার (১২ আগস্ট) পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এই নিরাপত্তা সহায়তা চাওয়া হয়।
বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমানের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সারাদেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে জনরোষ বাড়ছে এবং কিছু কিছু এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিস হামলার শিকার হচ্ছে।





