দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের চূড়ান্ত পরিণতি ঘটল। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন। বাগদানের ঠিক এক বছর পর এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে হাতের আংটি পরা ছবি ও সাদা পোশাকে তোলা একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছেন, ‘সি লাভ জি’।
এর আগে পর্তুগালের মাদেইরায় রোনালদোর নিজ শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তখন শহরের একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও গণমাধ্যমকর্মীরা ভিড় করলেও, পরে জানা যায় সেখানে অন্য এক দম্পতির বিয়ে হচ্ছিল।
তবে রোনালদো ও জর্জিনা একই দিনেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের ক্যাসকাইসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পারিবারিকভাবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিলেন।
গত বছরের ১১ আগস্ট অনেকটা ঘরোয়া পরিবেশে রোনালদো ও জর্জিনা বাগদান সেরেছিলেন। ঠিক এক বছর পর কোনো প্রকার জাঁকজমক ছাড়াই তারা বিয়ের পিঁড়িতে বসলেন।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে প্রথম পরিচয় হয়েছিল রোনালদো ও জর্জিনার। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। প্রায় এক দশক ধরে একসঙ্গে পথচলার পর তাদের সংসারে সন্তানও এসেছে, আর এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর পরিচয়ে নতুন জীবন শুরু করলেন ফুটবলের এই আলোচিত জুটি।





