হাতের জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি তার চিকিৎসকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মিঠুন বলেন, তিন দিন যেন চোখের নিমেষে কেটে গেল। তার চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ দল ও নার্সদের সেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট বলে জানান।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন জানান, অস্ত্রোপচারের দিনই তিনি তার হাতের আঙুল দিয়ে কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন। গত বৃহস্পতিবার তার ডান হাতে এই সফল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এর আগে একই হাতে, বিশেষ করে কনুইয়ের অংশে তার একবার অস্ত্রোপচার হয়েছিল। সেই পুরোনো অস্ত্রোপচারের সময় ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে যাওয়ায় এবং প্লেটের স্ক্রুগুলো নার্ভের ওপর চাপ সৃষ্টি করায় নতুন করে জটিলতা তৈরি হয়েছিল।
হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, এই সমস্যা সমাধানের জন্য শুধু প্লেট খুলে ফেলা যথেষ্ট ছিল না। আটকে যাওয়া নার্ভটিকে আলাদা করে মুক্ত করার পর সেটিকে এমন অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো চাপ সৃষ্টি না হয় এবং হাত স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পায়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে শনিবার ছাড়পত্র দেওয়া হয়।
মিঠুনের চিকিৎসার সময়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করেছিলেন শুভানুধ্যায়ীরা। গত শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিনেতাকে দেখতে হাসপাতালে যান। এরপর রাতে অভিনেতা দেবও মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন।





