জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন। প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অধ্যাপক ড. আজম খানকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খান প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ১২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক আজম খান বলেন, বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় তাকে এক প্রকার জোর করেই এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই পদে অনেক কাজের চাপ রয়েছে যা তার পক্ষে দীর্ঘসময় চালিয়ে নেওয়া সম্ভব নয়, তাই তিনি প্রক্টর হিসেবে বেশিদিন দায়িত্ব পালন করবেন না।





