তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হলো না মার্কিন সমকামী প্রমোদতরি

প্রকাশ:

প্রায় দুই হাজার এলজিবিটিকিউ যাত্রী ও ব্রডওয়ে তারকা পাত্তি লুপোনকে বহনকারী একটি মার্কিন প্রমোদতরির তুরস্কের বন্দরে নোঙর করার অনুমতি বাতিল করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই প্রমোদতরিটির যাত্রীরা যে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, তা তুরস্কের সামাজিক কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট গোষ্ঠীর তুরস্কে প্রবেশের সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন ভার্জিন ভয়েজেস-এর ‘স্কারলেট লেডি’ নামের এই প্রমোদতরিটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের ভ্রমণের জন্য মার্কিনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটলান্টিস ইভেন্টস ভাড়া করেছিল। গত ৫ জুলাই গ্রিসের এথেন্স থেকে জাহাজটি ১০ দিনের সমুদ্রযাত্রা শুরু করে। সূচি অনুযায়ী, ৭ জুলাই তুরস্কের কুসাদাসি এবং পরবর্তী সময়ে ইস্তাম্বুলে জাহাজটির নোঙর করার কথা ছিল।

অ্যাটলান্টিস ইভেন্টসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিচ ক্যাম্পবেল এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানের ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম যাত্রীদের পরিচয়ের কারণে কোনো দেশে তাদের জাহাজ ভিড়তে বাধা দেওয়া হলো। এছাড়া জাহাজটিতে পারফর্ম করার কথা থাকা ব্রডওয়ে অভিনেত্রী পাত্তি লুপোনও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি একে হতাশাজনক বলে অভিহিত করেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজকরা জাহাজটির রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তুরস্কের পরিবর্তে প্রমোদতরিটি এখন মিশরের কায়রো এবং গ্রিসের ক্রিট দ্বীপে যাত্রা করবে। প্রসঙ্গত, তুরস্কে সমকামিতা আইনত অপরাধ না হলেও ২০১৫ সাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে ইস্তাম্বুলে ‘প্রাইড মার্চ’ নিষিদ্ধ রয়েছে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ক্ষমতাসীন দলের নেতারা এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিষয়ে বরাবরই কঠোর অবস্থান বজায় রেখেছেন।

শেয়ার করুন