২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের প্রতি এই আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা নয়, বরং একটি স্বেচ্ছামূলক উদ্যোগ। প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, আপনাদের আমার বলা উচিত।

তারেক রহমান বৈঠকে জানান, তিনি তার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা থেকে প্রতি মাসে ১০ শতাংশ হারে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। বেতন পাওয়ার পর তিনি চেক ইস্যু করে তা সরকারি অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। তিনি বলেন, আমার আব্বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে তার বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব-মিসকিনদের সহযোগিতা করার জন্য বা সরকারি প্রয়োজনে খরচ করার জন্য। আমি কিন্তু বেতন নিচ্ছি, তবে এটি ফেরত দেওয়ার বিষয়টি অনুসরণ করছি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের পর মন্ত্রিসভার সবাই আলহামদুলিল্লাহ বলেছেন এবং তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও যদি সম্ভব হয়, তবে প্রতি মাসে তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন