সেনা-পুলিশ পরিচয়ে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রকাশ:

সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরা বিভাগের ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চক্রটির কর্মকাণ্ড যাচাইয়ের পর এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের সময় নুরুল চৌধুরীর কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি ওয়াকিটকি, দুটি চার্জার, একটি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর এবং র‍্যাবের কর্নেল পদমর্যাদার উপপরিচালক পরিচয়যুক্ত ভুয়া পরিচয়পত্র। এছাড়াও তিনটি মুঠোফোন, সেনাবাহিনীর ১০ ধরনের পোশাক, চিকিৎসা বই, বিভিন্ন ফরম ও প্যাড, সামরিক ও পুলিশ কর্মকর্তার পোশাক পরা ছবি, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নুরুল চৌধুরী দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। কখনো ‘মেজর আল মামুন’, কখনো ‘কর্নেল নাজিম’ আবার কখনো ‘মেজর তানভীর’ সেজে সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন তিনি। বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক ও দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ ছিল এই চক্রের প্রধান টার্গেট। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ভুয়া নথিপত্র এবং সামরিক পোশাক ব্যবহার করত।

তদন্তকারী সংস্থা আরও জানায়, নুরুল চৌধুরী কখনো এসবি-ডিবির সদস্য আবার কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় দিয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে শাহআলী থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা রয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামত পরীক্ষা করে এই প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি।

শেয়ার করুন