সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন আদালত

প্রকাশ:

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত বিভিন্ন অপরাধের দায়ে তাকে এই শাস্তি প্রদান করা হয়। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেন। আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।

একই মামলায় দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। বিচারিক পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ২০১১ সালে দেরা প্রদেশে বাশার আল-আসাদ সরকারের আমলে সংঘটিত অপরাধগুলো মানবতাবিরোধী অপরাধের শামিল।

উল্লেখ্য যে, ২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ থেকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে। পরবর্তীতে এই সংঘাত পুরো দেশে ছড়িয়ে পড়লে লাখ লাখ মানুষ প্রাণ হারান এবং বাস্তুচ্যুত হন। সিরিয়ার বিদ্রোহের শুরু হয়েছিল দেরা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মাধ্যমে। বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন অপরাধের বিচারে আদালতের এই রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

শেয়ার করুন