নতুন পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প

প্রকাশ:

ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৯ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজছেন ট্রাম্প। তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি না হলেও তিনি যুদ্ধ থেকে সরে আসতে প্রস্তুত।

এ ক্ষেত্রে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাকে যুদ্ধবিরতি বাড়ানোর প্রধান শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাসবাহী জাহাজ এই জলপথ ব্যবহার করে। যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালি বন্ধ করে দেয় এবং মার্কিন যুদ্ধজাহাজ ও তাদের মিত্রদের চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয়। যদিও ওয়াশিংটন ইরানের এই বিধিনিষেধ ও টোল আরোপের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে ইরানও বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক শ কোটি ডলারের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া। বিশ্লেষকদের মতে, এসব শর্ত থেকে বোঝা যায় যে তেহরান দ্রুত কোনো সমঝোতায় যেতে প্রস্তুত নয়, বরং দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প সাম্প্রতিক সময়ে একাধিকবার দাবি করেছেন যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে গেছে, তবে সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে এখনো চাপ রয়ে গেছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় সামরিক অভিযান থেকে অর্জন তুলে ধরার রাজনৈতিক চাপও ট্রাম্পের ওপর বাড়ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি সচল করাকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি সুযোগ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন।

শেয়ার করুন