রাজধানীর বিমানবন্দর সড়কে প্রকাশ্যে কুপিয়ে নগদ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ডিএল পেট্রোল পাম্পের বিক্রির টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ক্রাউন প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, সাপ্তাহিক ছুটির কারণে দুদিনের জমানো বিপুল পরিমাণ টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজন সশস্ত্র দুষ্কৃতকারী টাকা বহনকারী কভার্ডভ্যানটির গতিরোধ করে। এরপর পিস্তল ঠেকিয়ে এবং চাপাতি দিয়ে কুপিয়ে কর্মচারীকে রক্তাক্ত জখম করে টাকাভর্তি ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। গুরুতর আহত ওই কর্মচারীকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে 7 জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশের ধারণা, নিয়মিত একই সময়ে টাকা বহনের বিষয়টি আগে থেকেই নজরদারিতে ছিল অপরাধীদের। বর্তমানে পুলিশ ও একাধিক তদন্ত দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, ছিনতাইয়ের শিকার ডিএল পেট্রোল পাম্পটির মালিক তাসীন হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।





