মেক্সিকোর বিপক্ষে জয়লাভের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচ শেষে দলীয় উদযাপনের মুহূর্তে তিনি মাঠের পাশের বোর্ড টপকাতে গিয়ে পা পিছলে পড়ে যান।
ঘটনার সময় হ্যারি কেনসহ দলের অন্যান্য খেলোয়াড়রা গোলপোস্টের পেছনে সমর্থকদের সামনে গান গেয়ে উল্লাস করছিলেন। হেন্ডারসন পড়ে যাওয়ার সাথে সাথে সতীর্থরা তাকে ঘিরে ফেলেন এবং দলের ফিজিও দ্রুত তার চোট পরীক্ষা করেন। শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দলের কোচ টমাস টুখেলকে এই ঘটনায় বেশ চিন্তিত দেখা গেছে।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে অধিনায়ক হ্যারি কেন জানান, হেন্ডারসন পড়ে গিয়ে তার কব্জিতে আঘাত পেয়েছেন। তবে এই চোট কতটা গুরুতর সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইংল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় জর্ডান হেন্ডারসন সাধারণত শুরুর একাদশে সুযোগ না পেলেও কোচ টমাস টুখেলের আস্থার পাত্র হিসেবে পরিচিত। মেক্সিকো ম্যাচে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে তাকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল কোচের, তবে শেষ পর্যন্ত তার আর প্রয়োজন পড়েনি।



