কক্সবাজারের উখিয়ায় টানা ভারি বর্ষণের জেরে তিনটি পৃথক পাহাড়ধসের ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, পালংখালী ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে পাহাড়ধসে বসতঘর চাপা পড়ে মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস প্রাণ হারান। এর কিছুক্ষণ পরই কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে মাটিচাপা পড়ে মোহাম্মদ রশিদের সাত বছর বয়সী ছেলে একরামের মৃত্যু হয়।
পরবর্তীতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩) নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং পৃথক তিনটি স্থান থেকে মোট আটজনের মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার পাহাড়ধসে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগেই মাইকিং করে সতর্ক করা হয়েছিল। তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন।





