ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়।
প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় লিপ্ত থাকতে দেখা গেছে। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া তার সঙ্গে উপস্থিত ব্যক্তিদের পরিচয়ও জানানো হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। ওই ঘটনার পর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর, গত মার্চের শুরুর দিকে ইরানের নীতি-নির্ধারণী সংস্থা 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তার দ্বিতীয় সন্তান ৫০ বছর বয়সী মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।





