চুক্তি করার এখনই উপযুক্ত সময়: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে বেরিয়ে আসার ওপর নতুন করে জোর দিয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের লক্ষ্যে তিনি মন্তব্য করেছেন যে, একটি সমঝোতা বা চুক্তি করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি দেশকে ‘না যুদ্ধ না শান্তি’—এমন এক অনিশ্চিত পরিস্থিতি থেকে সরিয়ে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, দেশের অভ্যন্তরীণ সংহতি, শক্তি ও ঐক্য বর্তমানে অটুট রয়েছে। তার মতে, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে একটি শক্তিশালী ও বিজয়ী অবস্থানে দেখা হচ্ছে। তিনি মনে করেন, বিদ্যমান বাস্তবতায় শান্তি চুক্তির মাধ্যমে সংকট নিরসন করা সম্ভব।

প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন রোধে ইরান ও ওয়াশিংটনের মধ্যে একটি কার্যকরী যোগাযোগ মাধ্যম থাকা প্রয়োজন ছিল। যেকোনো সমঝোতা স্মারকে কিছু লঙ্ঘন ঘটা অস্বাভাবিক নয়, তবে সেই সময় ঝগড়ায় লিপ্ত না হয়ে লঙ্ঘনগুলো সমাধানের জন্য একটি দল গঠন করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের সাথে চলমান আলোচনায় বিষয়টি নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এখন আমাদের দেখতে হবে কীভাবে বিষয়টি সমাধান করা যায়। আল্লাহর ইচ্ছায় আমরা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারব, যেখান থেকে এই ‘না-যুদ্ধ না-শান্তি’ অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।

শেয়ার করুন