দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয়ভাবে ব্যাপক প্রস্ততি সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দিয়ে দিনের কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।





