মাতারবাড়ী মেগা প্রকল্প পরিদর্শনে কাল প্রধানমন্ত্রী, জোরদার নিরাপত্তা

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (৯ আগস্ট) প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীস্থ মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল ও নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরসহ একাধিক মেগা প্রকল্প পরিদর্শন করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রকল্প এলাকায় সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় স্থানীয় সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সার্বক্ষণিক মনিটরিং করছেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় কার্যক্রম যাচাই করেন। সফরটি নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সফর ব্যবস্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় কঠোর নজরদারিসহ বহুমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য আসছেন, তাই দলের পক্ষ থেকে কোনো রাজনৈতিক জনসভার আয়োজন নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কয়লা বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দরসহ অন্যান্য মেগা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় নতুন গতি সঞ্চার করবে। একইসঙ্গে তিনি জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণ, কর্মসংস্থান, পুনর্বাসন, লবণের ন্যায্য মূল্য ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিগুলো তুলে ধরার কথা জানিয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসক আ. মান্নান বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দ্বীপজেলা মহেশখালীকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়রা এই সফরকে তাৎপর্যপূর্ণ মনে করছেন এবং প্রধানমন্ত্রী উত্তর মহেশখালীকে আলাদা উপজেলা ঘোষণা করবেন বলে প্রত্যাশা করছেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সুলতান নিশ্চিত করেছেন যে, সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও পুলিশ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মহেশখালী ও মাতারবাড়ীসহ পুরো কক্সবাজার-২ আসনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফরকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে

শেয়ার করুন