ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’। সেই অবিস্মরণীয় ম্যাচের বলটি এবার নিলামে তোলা হচ্ছে। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত দুটি গোলের সাক্ষী এই বলটি যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে নিলামের জন্য রাখা হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠানটির ধারণা অনুযায়ী, বলটির দাম ১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে। আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই নিলাম অনুষ্ঠিত হবে। বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।
হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলারের মতে, মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ম্যারাডোনার দুই গোলই হয়েছিল এই বল দিয়ে, যা একে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় বল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
উল্লেখ্য, ওই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করেছিল। ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লড়াইয়ের সময় ম্যারাডোনা বাঁ হাত দিয়ে গোলটি করেছিলেন, যা পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। এর ঠিক চার মিনিট পর একই বল দিয়ে ম্যারাডোনা তার বিখ্যাত গোলটি করেন, যেখানে তিনি নিজেদের অর্ধ থেকে প্রায় ৬০ গজ দৌড়িয়ে ইংল্যান্ডের চার খেলোয়াড় ও গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেছিলেন। সেই গোলটি ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে খ্যাতি পেয়েছে।
এর আগে ম্যারাডোনার ওই ম্যাচের জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়ে ইতিহাসের সবচেয়ে দামি জার্সির রেকর্ড গড়েছিল। এখন দেখার বিষয়, বলটিও সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে পারে কি না।




