হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর শর্ত

প্রকাশ:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) স্পষ্ট করেছে যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির ওপর নির্ভরশীল। আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি পুনরায় চালুর জন্য ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

মোহেবীর মতে, হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি অবিচ্ছেদ্য উপাদান। তিনি জোর দিয়ে বলেছেন, এই প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

একই সঙ্গে, ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার সঙ্গে এই সংকট সমাধানের কোনো সম্পর্ক নেই বলেও আইআরজিসি দাবি করেছে। এর মাধ্যমে ইরান পুনরায় নিশ্চিত করল যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও এর খোলার বিষয়টি সরাসরি ওয়াশিংটনের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সমঝোতার ওপরই নির্ভর করছে।

শেয়ার করুন