সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৯ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানান, মহাসড়ক ফাঁকা থাকার সুযোগ নিয়ে চালকদের মধ্যে তৈরি হওয়া প্রতিযোগিতামূলক মনোভাব সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ফ্লাইওভারের মতো মহাসড়কেও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হবে। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধে আরও কঠোর হওয়া প্রয়োজন। ওসমানী ও তাজপুর সড়কে ঘন ঘন দুর্ঘটনা রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতার জন্য ১ লাখ টাকা করে দেওয়া হবে।
সিলেট-শেরপুর সড়কাংশে ঘন ঘন দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী জানান, চার লেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং বিদ্যমান সড়ক দ্রুত সংস্কারের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং অন্তত ২৪ জন যাত্রী আহত হয়েছিলেন।





