শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশ:

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পরপরই লাউঞ্জ এবং এর আশপাশের এলাকা দ্রুত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পাওয়ার পর সেখানে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই লাউঞ্জের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, বলাকা লাউঞ্জের রান্নাঘরে থাকা একটি বৈদ্যুতিক কেবল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ঘটনার সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম ভোর ৪টার দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ছোট পরিসরে আগুনের সূত্রপাত হয়েছিল, যা লাউঞ্জের কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে নিভিয়ে ফেলেন।

শেয়ার করুন