ময়মনসিংহে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে সাহিত্য আড্ডা ও গানের আসর

প্রকাশ:

বাংলা গান ও কবিতার জগতে চার দশকেরও বেশি সময় ধরে সৃজনশীল অবদান রেখে আসা প্রখ্যাত কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে ময়মনসিংহ সাহিত্য সংসদ আঙিনায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন। শুক্রবার (৭ আগস্ট) সকালে ‘বীক্ষণ পাঠচক্র’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই বীক্ষণ পাঠচক্রের আহ্বায়ক কবি এহসান হাবীব এবং অনুষ্ঠানের সভাপতি কবি সরকার আজিজ কবি শহীদুল্লাহ ফরায়জীর হাতে ‘বীক্ষণ’-এর গত প্রান্তিকের স্মারক ভাঁজপত্র তুলে দেন। কবি তারিকুল ফেরদৌসের সম্পাদনায় প্রকাশিত ‘বীক্ষণ ২২১৩’-এর নিয়মিত এই আয়োজনে সভাপতিত্ব করেন কবি সরকার আজিজ এবং সঞ্চালনা করেন কবি তারিকুল ফেরদৌস।

আলোচনা পর্বে বক্তারা শহীদুল্লাহ ফরায়জীকে বাংলা গানের এক স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, তাঁর লেখায় প্রেম, প্রকৃতি, মানবিকতা ও জীবনবোধ এক অনন্য শিল্পরূপ পেয়েছে। ‘মাটি আর বৃষ্টিতে মাখামাখি হয় যখন’ এবং ‘দেহ পাখি’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। অধ্যাপক প্রফেসর তারেক সালাহউদ্দিন মামুন, কথাশিল্পী শাখাওয়াত বকুল, কবি এহসান হাবীব, কবি জেনুন্নেছা রীণা, কবি মোস্তফা তারেক এবং কবি মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ মনি আলোচনায় অংশ নিয়ে তাঁর সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

সাংস্কৃতিক পর্বে শিল্পী শাহিন আনোয়ারের সংগীত পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা প্রদান করে। এছাড়া প্রশ্নোত্তর, স্মৃতিচারণ ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর দীর্ঘ সাহিত্য ও সংগীতজীবনের অভিজ্ঞতার নানা দিক সম্পর্কে জানার সুযোগ পান। বীক্ষণ পাঠচক্রের আয়োজকরা জানিয়েছেন, বাংলা সাহিত্য ও গানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তারা নিয়মিতভাবে এমন সাহিত্যভিত্তিক আয়োজন করে আসছেন এবং ভবিষ্যতেও দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের নিয়ে এই ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন