এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৬ সালের নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। প্রকাশিত সূচি অনুযায়ী, নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ দলের গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চীনকে।
টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৬ সেপ্টেম্বর টাইগ্রেসরা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ লড়বে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
এবারের আসরেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। এই দুই দলের বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ সেপ্টেম্বর সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ১৩ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।





