ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে: শামা ওবায়েদ

প্রকাশ:

নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে অডিও বক্তব্য প্রদানের ঘটনায় ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং ভারত সরকার তা অনুমোদন করছে। এটি বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করা স্বাভাবিক। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতেও বিভিন্ন ঘটনার পর ‘জঙ্গিবাদ’ ও ‘চরমপন্থার’ বয়ান সামনে এনে নিজেদের মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করেছে। বর্তমানে বিদেশের মাটিতে বসেও একই কৌশল অবলম্বন করা হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উভয় দেশের সরকার ও জনগণই সম্পর্কের উন্নয়ন প্রত্যাশা করে। তবে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখেন এবং ভারত সরকার তা বন্ধ না করে, তবে দ্বিপাক্ষিক সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়বে।

ভারতের সঙ্গে বিদ্যমান সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। জ্বালানি, পানি ও সীমান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের জনগণ, বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের অনুভূতিতে আঘাত করেছে। তাই এই বিষয়ে ভারতকে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে।

শেয়ার করুন