বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

প্রকাশ:

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাসভবনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। অসুস্থ অবস্থায় সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) নেওয়া হয়। পরবর্তীতে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বিষয়টি হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে।

শেয়ার করুন